tanaka
প্রচ্ছদজাতীয়বাড়ল দুর্গাপূজার ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

বাড়ল দুর্গাপূজার ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত করেছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় এ খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় এ খাতেও অনুদান বাড়িয়ে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারের চলতি বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে আরও একদিনের ছুটি যুক্ত হলো।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে দুর্গাপূজা উপলক্ষে এবার আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না তাদের।

চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও এ ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।