-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সাদা দল’ নামে একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনটির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। এতে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলামকে আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির ঘোষণাপত্রে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত সমস্যা সমাধানে একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠনের প্রয়োজন রয়েছে।
ঘোষণাপত্রে ‘সাদা দল’কে সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। সত্য, ন্যায়, সততা, সাম্য ও ইনসাফের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও সুন্দর শিক্ষক সমাজ গড়ে তোলাকে সংগঠনটির অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এদিকে আহ্বায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সদস্যপদ সংক্রান্ত নীতিমালা নির্ধারণ এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে বলে ঘোষণাপত্রে জানানো হয়েছে।



