যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন ও বদলি নিয়ে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের হওয়া অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দুদকে দায়ের করা অভিযোগ এবং দুদকের মুখপাত্রের বক্তব্যে আসিফ মাহমুদকে জড়িয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনে সেগুলোর প্রকৃত তথ্য, নথিপত্র ও ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, দুদকের মুখপাত্রের বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসিফ মাহমুদের নাম জড়ানো হয়েছে এবং সেখানে ‘মিথ্যাচার’ করা হয়েছে। অভিযোগগুলোর প্রকৃত তথ্য নথিপত্রের মাধ্যমে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযোগগুলোর প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা তুলে ধরবেন। একই সঙ্গে দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতাও ব্যাখ্যা করবেন তিনি।



