সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে সরকার দৃঢ়ভাবে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাতীয় পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রার নাবিকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, উদ্ভূত সংকটময় পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলি বন্দর-এ অবস্থানরত জাহাজটির নাবিকরা চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের।
তিনি আরও বলেন, জাতীয় অর্থনীতিতে অবদান রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই দৃঢ়তা সরকারের কাছে অত্যন্ত মূল্যবান। জাহাজে থাকা ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং এই দুঃসময়ে সরকার তাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মাধ্যমে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ শিপিং করপোরেশন নিয়মিত ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে জাহাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। নাবিক ও তাদের পরিবারের সহায়তায় চট্টগ্রামে সংস্থাটির সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের মনোবল অটুট রাখতে অতিরিক্ত সরবরাহের মাধ্যমে উন্নতমানের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুবাই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পাশাপাশি স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ভিডিও বার্তায় নাবিকদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার ও বাংলাদেশ শিপিং করপোরেশন তাদের এবং তাদের পরিবারের পাশে আছে ও থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



