ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তবে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইসিসিকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি।
এ নিয়ে একাধিক ই-মেইল আদান–প্রদানের পাশাপাশি বিসিবি ও আইসিসির মধ্যে জুম মিটিংও অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ঢাকায় আসছেন আইসিসির একজন প্রতিনিধি, যিনি বিসিবির সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নেবেন।
প্রাথমিকভাবে আইসিসির দুজন কর্মকর্তার বাংলাদেশে আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে একজনই আসছেন। ভিসা পাননি আইসিসির সেই কর্মকর্তা, যিনি একজন ভারতীয় নাগরিক। ফলে ঢাকায় আসছেন কেবল আইসিসির অ্যান্টি-করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিসিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে বিসিবির সহসভাপতি, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে।



