tanaka
প্রচ্ছদজাতীয়রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বাড়তি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বাড়তি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি সুবিধা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্কের পরিধি আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশের জন্য গম ও সার সরবরাহে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে এখনো চূড়ান্ত না হওয়া বিভিন্ন চুক্তি ও প্রয়োজনীয় দলিল দ্রুত সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে দক্ষ জনশক্তির অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা এবং শিক্ষা ক্ষেত্রে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বৃত্তি ও একাডেমিক বিনিময়ের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।

জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় রাশিয়া। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে মস্কো আগ্রহী।