উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ভারী বর্ষণসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সোমবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।



