ইন্টারনেট ও প্রযুক্তিনির্ভর তথ্যসেবা এক ছাতার নিচে আনার উদ্যোগ
দেশের সব জেলা ও উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, শুধু বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে দেশের সর্বত্র আধুনিক তথ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার নগরীর সিএন্ডবি রোডে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্সকে শুধু একটি ভবন হিসেবে দেখলে এর মূল উদ্দেশ্য বোঝা যাবে না। এসব কমপ্লেক্সে ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের তথ্যসেবা এক জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, তথ্য, দক্ষতা ও জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে নতুন ধরনের ‘নলেজ প্রোডাক্ট’ তৈরির লক্ষ্যেই এসব তথ্য কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে জনগণের কাছে তথ্যসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্স
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় তথ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের আধুনিক তথ্য অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও প্রযুক্তিনির্ভর তথ্যসেবার সুবিধা পাবেন।



