tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদসারাদেশবগুড়ায় প্রবাসীর বাড়িতে ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রবাসীর বাড়িতে ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুয়েতপ্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৩৮) ও তাদের একমাত্র ছেলে ইমরান হোসেন (১৬), স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা রাতে জানালা বা দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা-ছেলেকে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। পরে নগদ অর্থ, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে থানা পুলিশ, সিআইডি ও পিবিআই উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে এবং মরদেহ মর্গে পাঠায়।

স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। তবে অনেকের ধারণা, কেবল লুটপাট নয়, ব্যক্তিগত শত্রুতার কারণেও এমন হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত রানী বেগম শান্ত-স্বভাবের ছিলেন এবং গ্রামের কারও সঙ্গে তার বিরোধ ছিল না। ছেলে ইমরানও পড়াশোনায় মনোযোগী ছিল।

ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন, গ্রামবাসী দলে দলে এসে শোক প্রকাশ করছেন। স্থানীয়রা গ্রামে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ডাকাতি কিংবা ব্যক্তিগত শত্রুতাসহ সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। আশা করছি, দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”