রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মতিঝিলে আরও একটি মিছিল থেকে তিনজনকে আটক করা হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্যামলী শিশু মেলার মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ পাঁচজনকে আটক করে। কিছুক্ষণ পর মোটরসাইকেলযোগে আসা অপর একটি দল কয়েকটি ককটেল ফাটিয়ে আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ জানিয়েছে, শেষ পর্যন্ত কেউ পালাতে পারেনি। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, ব্যাকআপ টিম হিসেবে ২৫-৩০টি মোটরসাইকেল আসে এবং তাদের মধ্য থেকে ছয়জনকে আটক করা হয়।
ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।
মতিঝিলে মিছিল থেকে তিনজন আটক
সোমবার মতিঝিলের দিলকুশা এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটক করে স্থানীয় বিএনপিকর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে শাপলা চত্বরে ফের মিছিল করে ছাত্রলীগ। এ সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
সাবেক মেয়রসহ আরও ১২ জন গ্রেপ্তার
অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রও রয়েছেন।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন। ডিএমপি’র ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



