রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার আলুবাজার এলাকায় ‘আরমান’ নামে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন— সেলুনে চুল কাটতে আসা মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও মো. রফিক (২৫)। এছাড়া সেলুনের কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭) আহত হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, শমসেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. শাওন বলেন, দগ্ধদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শাকিবের দগ্ধের পরিমাণ মাত্র ১ শতাংশ হওয়ায় তাকে ভর্তি না করে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, তাৎক্ষণিকভাবে এসি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।



