tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়ফ্যাসিস্ট-টেরোরিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ হবে: প্রধান উপদেষ্টা

ফ্যাসিস্ট-টেরোরিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ হবে: প্রধান উপদেষ্টা

ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাস সৃষ্টি কিংবা রক্তপাত ঘটিয়ে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না— এমন হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট-টেরোরিস্টদের সব অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ভাষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে। আনন্দের এই দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি— জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলাটি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব ও আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত।”

তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট-টেরোরিস্টদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তাদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না। তরুণদের রক্ষার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের প্রধান ভরসা। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বুঝে গেছে— এই অস্ত্রহীন, নির্ভীক ও ব্যক্তিগত স্বার্থহীন তরুণরাই তাদের পুনরুত্থানের সবচেয়ে বড় বাধা।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের আগেই বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পথ পরিষ্কার করাই পরাজিত শক্তির মূল লক্ষ্য। নানা কৌশলে তারা সেই চেষ্টা চালাচ্ছে। তবে জনগণের ঐক্য ও তরুণদের সচেতন অবস্থানের কারণে তাদের সে অপচেষ্টা কোনো দিনই সফল হবে না।