tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনে বাধার আশঙ্কা, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনে বাধার আশঙ্কা, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে নির্বাচনের পথে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র হতে পারে বলে তিনি সতর্ক করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করবে বাধা দেওয়ার। তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে এবং নির্বাচনের স্বাভাবিক আয়োজনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের প্রস্তুতি পথে ইতিমধ্যে কিছু সংকেত দেখা যাচ্ছে, ভবিষ্যতে আরও লক্ষণ দেখা দিতে পারে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

ইউনূস জানান, আসন্ন নির্বাচন হবে উৎসবমুখর। এই নির্বাচনের মাধ্যমে যারা আগে কখনও ভোট দিতে পারেননি, তাদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে হবে। একই সঙ্গে যারা পূর্বে ভোট দেওয়ার সময়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।
তিনি বলেন, “কেউ যেন বলতে না পারে, আমি ভোট দিতে পারিনি—এটি আমাদের অঙ্গীকার।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই নির্বাচন আমাদের নিজের পায়ে দাঁড়ানোর পরীক্ষা, আমাদের নিজের সাহসের পরীক্ষা। এটি কোনো দেশের চাপ বা হস্তক্ষেপের নির্বাচন নয়। আমাদের নিজের, সকল মানুষের ও সকল রাজনৈতিক দলের নির্বাচন।”

তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, নির্বাচন আয়োজনের প্রতিটি ধাপে সহযোগিতা করতে এবং বিভেদ সৃষ্টির চেষ্টা রুখে ঐক্যবদ্ধ থাকতে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

বৈঠকে সরকারের আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা হলেন—পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।