ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) সংগীত পরিবেশনা হওয়ার কথা ছিল। তবে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফরিদপুর জিলা স্কুল চত্বরে নির্মিত মঞ্চে জেমসের সংগীত পরিবেশনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দেওয়া হলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন, জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীত পরিবেশনা বাতিল করা হয়েছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান জানান, কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ইটের আঘাতে জিলা স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকেরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, কনসার্টে হামলায় আহতের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, হামলাকারীরা কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জেমসের গান শোনা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকেই তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেমসের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হওয়ার কথা ছিল।
ব্রিটিশ শাসনামলে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত অল্প কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি ফরিদপুর জিলা স্কুল। ১৮৪০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ ১৮৫ বছর ধরে এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।



