মুম্বাইয়ের একটি দোকানে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। সাদা পোশাক, চোখে কালো রোদচশমা—অভিনেত্রীকে ঘিরে তখন বেশ কয়েকজন ফটোসাংবাদিক। পরিস্থিতি সামাল দিতে তার সহকারীরা ছাতা দিয়ে তাকে আড়াল করারও চেষ্টা করছিলেন। এর মধ্যেই এক ফটোসাংবাদিক ক্যামেরা নিয়ে অভিনেত্রীর একেবারে কাছে চলে এলে বিরক্তি প্রকাশ করেন তারা।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ফটোসাংবাদিকের ক্যামেরা খুব কাছে চলে আসায় হাত দিয়ে সেটি সরিয়ে দেন তারা সুতারিয়া। এরপর সেখানে আর দাঁড়াননি তিনি। দ্রুত দোকানের ভেতরে চলে যান অভিনেত্রী।
এ সময় কয়েকজনকে তারার নাম ধরে ডাকতে শোনা যায়। অভিনেত্রী বিরক্তি প্রকাশ করার পরও কেউ কেউ তাকে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করেন। এতে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই অভিনেত্রীর আচরণকে সমর্থন করেছেন। তাদের মতে, ছবি তোলার অধিকার থাকলেও কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিসরে এভাবে ঢুকে পড়া ঠিক নয়।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ফটোসাংবাদিকরা যেভাবে তারাকে ডাকছিলেন, তাতে মনে হচ্ছিল তিনি যেন তাদের পরিচিত কেউ। আরেকজন লিখেছেন, ‘ব্যক্তিগত পরিসর বলে যে একটি বিষয় রয়েছে, পাপারাজ্জিরা সেটিই যেন বোঝেন না।’
ঘটনাটি আবারও তারকা ও পাপারাজ্জিদের মধ্যকার সম্পর্ক এবং ব্যক্তিগত গোপনীয়তার সীমারেখা নিয়ে প্রশ্ন তুলেছে। জনপ্রিয় তারকাদের ছবি তোলার ক্ষেত্রে পেশাগত দায়িত্বের পাশাপাশি তাদের ব্যক্তিগত পরিসর ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই।



