tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকব্রিকস সম্মেলনে মোদি-পুতিনের বৈঠক আজ, গুরুত্ব পাবে প্রতিরক্ষা-জ্বালানি

ব্রিকস সম্মেলনে মোদি-পুতিনের বৈঠক আজ, গুরুত্ব পাবে প্রতিরক্ষা-জ্বালানি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিকস সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন পুতিন। শুক্রবার মোদির সঙ্গে তার বৈঠকে ভারত-রাশিয়ার কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা খাতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। চলতি সপ্তাহের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে।

এ ছাড়া রাশিয়ার কাছ থেকে ভারতের বাকি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ নিয়েও আলোচনা হতে পারে। একই সঙ্গে রাশিয়ার তৈরি এসইউ-৫৭ যুদ্ধবিমান ভারতকে দেওয়ার প্রস্তাব নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্রেমলিন।

জ্বালানি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকের অন্যতম আলোচ্য হতে পারে। পাশাপাশি ভারতে নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা নিয়েও দুই দেশের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পেসকভ এর আগে জানিয়েছিলেন, এ বিষয়ে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টিও উঠে আসতে পারে। গত সপ্তাহে কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে পুতিনকে ‘অন্তহীন যুদ্ধ’ থেকে বেরিয়ে যুদ্ধের অবসানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মোদি।

মোদি বলেন, মানবতার স্বার্থেই ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত।

এদিকে ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন পুতিন। সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

তবে দীর্ঘ সাত বছর পর ভারতে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলাদা পূর্ণাঙ্গ বৈঠকের কোনো সূচি নেই। শনিবার সন্ধ্যায় মোদির সঙ্গে শির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করবেন মোদি।

সূত্র: এনডিটিভি