ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ান আব্দুলওয়াহাব হামাদাহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিমন্ত্রী কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, প্রয়োজন হলে কুয়েতকে মানবিক সহায়তা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে যোগাযোগের উদ্যোগ নেওয়ায় কুয়েত সরকার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
সাক্ষাতে প্রতিমন্ত্রী সংঘাতের ক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করায় কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের বিষয়টি স্বীকার করেন। এ সময় রোহিঙ্গা মানবিক সংকটে কুয়েতের সহযোগিতার জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রতিমন্ত্রী আরও জানান, কুয়েত প্রয়োজন মনে করলে যে কোনো ধরনের মানবিক সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রদূত কুয়েত ও বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।



