tanaka
প্রচ্ছদসারাদেশপ্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে।

গত ৫ অক্টোবর ইউজিসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী স্থান পেয়েছেন। তাদের মধ্যে ২০১৯ সালের ছয়জন, ২০২০ সালের ছয়জন এবং ২০২১ সালের একজন শিক্ষার্থী রয়েছেন।

২০১৯ সালের মনোনীত ৬ শিক্ষার্থী

২০১৯ সালের জন্য বাকৃবি থেকে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা (সিজিপিএ ৩.৮৪২), কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস (সিজিপিএ ৩.৯৮), পশুপালন অনুষদের শারমীন ইসলাম (সিজিপিএ ৩.৮৭৮), কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম (সিজিপিএ ৩.৯৩৭), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাহাবুদ্দিন আহমেদ (সিজিপিএ ৩.৯২৯) এবং মৎসবিজ্ঞান অনুষদের নাফিসা তাসনীম বিনতি (সিজিপিএ ৩.৯১৪)।

২০২০ সালের মনোনীত ৬ শিক্ষার্থী

২০২০ সালের তালিকায় রয়েছেন ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসেন (সিজিপিএ ৩.৯১), কৃষি অনুষদের মোসা. আয়েশা সিদ্দিকা (সিজিপিএ ৩.৯৩), পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম (সিজিপিএ ৩.৯৩), কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান (সিজিপিএ ৩.৯১), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রাণী পাল (সিজিপিএ ৩.৯২) এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু (সিজিপিএ ৩.৮৮)।

২০২১ সালের মনোনীত শিক্ষার্থী

২০২১ সালের জন্য বাকৃবি থেকে একমাত্র মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস। তার সিজিপিএ ৩.৯০।

ইউজিসি সূত্রে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করা হয়। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খসড়া তালিকা পুনরায় যাচাই শেষে ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসিতে লিখিতভাবে জানাতে হবে।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে চার গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।