tanaka
প্রচ্ছদসারাদেশছেলের বিরুদ্ধে ঘরে আগুন দেওয়ার অভিযোগ, পুড়ে প্রাণ গেল বৃদ্ধ বাবার

ছেলের বিরুদ্ধে ঘরে আগুন দেওয়ার অভিযোগ, পুড়ে প্রাণ গেল বৃদ্ধ বাবার

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে আসমান হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘরে আগুন দেওয়ার অভিযোগে তার ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আসমান হাওলাদারের ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তিনি নিজে ঘর থেকে বের হতে পারেননি। ফলে আগুনের মধ্যেই পুড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ওই বাড়িতে ভিড় করেন।

সোমবার সকালে সুজন হাওলাদার বাড়িতে ফিরলে প্রতিবেশীরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রাতে ঘরে আগুন দিয়ে তিনি পালিয়ে যান বলে তাদের দাবি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, পারিবারিক বিরোধের কারণে অথবা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।