দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে—১৪৮ জনের। এছাড়া অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮৬ হাজার ১৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৩০ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, বরিশালে ২০০ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১১০ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান অনুযায়ী, দেশে ডেঙ্গুর সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির চাপ এখনও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।



