tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনএইচএসসি পুনঃনিরীক্ষণের ফলে বড় ধরনের গরমিল, ১০ হাজারের বেশি শিক্ষার্থীর তথ্যে অসংগতি

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলে বড় ধরনের গরমিল, ১০ হাজারের বেশি শিক্ষার্থীর তথ্যে অসংগতি

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের ফল পরিবর্তনের পরিসংখ্যানে বড় ধরনের অসংগতি ধরা পড়েছে। প্রথম প্রকাশিত হিসাবে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হলেও সংশোধিত হিসাবে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। দুই হিসাবের মধ্যে পার্থক্য ১০ হাজার ২০৪ জন। এ ঘটনায় নতুন করে তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপ এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। তবে সন্ধ্যার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রুপ থেকে পরিসংখ্যানের সারসংক্ষেপ সরিয়ে নেওয়া হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকাশিত পরিসংখ্যানে অসংগতি পাওয়া গেছে। এ কারণে সব শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নতুন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাত ৮টার আগেই সংশোধিত হিসাব পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

ফল পরিবর্তনের সংখ্যায় ১০ হাজারের বেশি ব্যবধান

প্রথম প্রকাশিত হিসাব অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছিল। সে হিসাবে ফল পরিবর্তনের হার ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।

কিন্তু সংশোধিত পরিসংখ্যানে একই সংখ্যক আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। এতে ফল পরিবর্তনের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ আগের হিসাবের তুলনায় এ হার কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বড় পার্থক্য দেখা গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। প্রথম প্রকাশিত তথ্যে এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তনের কথা বলা হয়েছিল। সংশোধিত হিসাবে তা কমে হয়েছে ২ হাজার ৬৬৮ জন। অর্থাৎ দুই হিসাবের ব্যবধান ৫ হাজার ৬৭১ জন।

বরিশাল শিক্ষা বোর্ডেও উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে। প্রথম হিসাবে ফল পরিবর্তনের সংখ্যা ছিল ২ হাজার ৭৭২ জন। পরে সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ৫২০ জনে। দুই হিসাবের পার্থক্য ২ হাজার ২৫২ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে প্রথমে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হলেও সংশোধিত হিসাবে এ সংখ্যা হয়েছে ২ হাজার ৩০৭ জন।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ফল পরিবর্তনের সংখ্যা ৩ হাজার ৬৫ থেকে কমে ২ হাজার ৮১৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ থেকে ১ হাজার ৭৩৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ থেকে ২ হাজার ৩৫ জন এবং সিলেটে ১ হাজার ৩৫৩ থেকে ১ হাজার ২৬৭ জনে নেমেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম হিসাবে ৭৭৯ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। সংশোধিত হিসাবে তা হয়েছে ৭৭৫ জন। তবে ঢাকা, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ফল পরিবর্তনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

ফেল থেকে পাস ৫ হাজার ৫৪৮ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০

সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, পুনঃনিরীক্ষণের মাধ্যমে মোট ২৫ হাজার ৮১০টি গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন। আর ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।

সব মিলিয়ে সংশোধিত হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১ হাজার ৮০৬ জন।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। এরপর রয়েছে কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩ জন, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮ জন, কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জন।

তবে এসব পরিসংখ্যান এখনো চূড়ান্ত বলে বিবেচিত হচ্ছে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন করে হিসাব যাচাই করছে। যাচাই প্রক্রিয়া শেষ হলে ফল পরিবর্তন, ফেল থেকে পাস এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সঠিক সংখ্যা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।