tanaka
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

প্রধানমন্ত্রী সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

 

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী সময়ে ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, কোনো পক্ষ থেকে সফরের তারিখ নির্ধারণ করে দেওয়া হলে বাংলাদেশ সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে না।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই অন্য কোনো দেশের নির্ধারিত সময়সূচি বা নির্দেশনার ভিত্তিতে নয়, বরং দেশের প্রয়োজন, সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রী বিদেশ সফরের সিদ্ধান্ত নেবেন।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশকে উপেক্ষা করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যেসব দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক গড়ে তোলা সম্ভব, বাংলাদেশ সেভাবেই এগিয়ে যাবে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে বজায় রাখা হবে।

গত ১৬-১৭ বছরে দেশে নিপীড়ন, গুম ও হত্যার সঙ্গে জড়িতদের অনেকে ভারতে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যাশা—ভারত যেন কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় না দেয়।

নুরুল ইসলাম মনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের কল্যাণ চায়, তাহলে যারা এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে, তাদের আশ্রয় দেওয়া উচিত নয়।