tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপ্যারিসের বৃহৎ বস্ত্র প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ডে’ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান

প্যারিসের বৃহৎ বস্ত্র প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ডে’ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে আন্তর্জাতিক বস্ত্র বাণিজ্য প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড’। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে প্যারিসের লো বুর্জে প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এ টেক্সটাইল প্রদর্শনীতে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে।

মেসে ফ্রাঙ্কফুর্টের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের ১ হাজার ৩০০টির বেশি তৈরি পোশাক, টেক্সটাইল ও ফ্যাব্রিক উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সার্বিক সহযোগিতায় বাংলাদেশ থেকে ১২টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর বাইরে নিজস্ব উদ্যোগে আরও পাঁচটি বাংলাদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। সব মিলিয়ে ১৭টি বাংলাদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য প্রদর্শন করছে।

মেলার দ্বিতীয় দিনে প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ। তিনি বিভিন্ন হল ঘুরে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্যোক্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ইউরোপের বাজার ও সামগ্রিক বাণিজ্য পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

প্রদর্শনী পরিদর্শন শেষে কাজী এনায়েত উল্লাহ বলেন, আগের কয়েক বছরের তুলনায় এবার প্রদর্শনীতে দর্শনার্থী ও আন্তর্জাতিক ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম দেখা যাচ্ছে। চলমান ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপজুড়ে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি উল্লেখ করেন।

তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্যারিসের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা ইউরোপের নতুন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা করছেন।

উদ্যোক্তাদের আশা, আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রপণ্যের সক্ষমতা তুলে ধরার মাধ্যমে ইউরোপের বাজারে নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে।