প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করতে চায়।
তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করলেও, নতুন সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী সিদ্ধান্ত নেবে—সে সম্পর্কে নির্দিষ্ট মন্তব্য করেননি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চীন এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করছে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কাম্য নয়।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করে চীন।



