tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদখেলাপ্রথম সভাতেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তামিমের ক্রিকেট বোর্ড

প্রথম সভাতেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তামিমের ক্রিকেট বোর্ড

মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে অনিয়ম এবং সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

অক্টোবরে অনুষ্ঠিত সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম ইকবাল। তার সঙ্গে নির্বাচন বয়কট করেন সংগঠকদের একটি বড় অংশ। সেই বয়কটকারী দলের অনেকেই এখন তামিমের নেতৃত্বাধীন নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সভাপতি হিসেবে প্রথম সভা করেন তামিম ইকবাল। সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। এখন থেকে বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবেন তিনি।

প্রথম সভায় আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক সিগনেটরি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে তানজিল চৌধুরী জানান, ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স ও সিইও সিগনেটরি থাকবেন। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে সভাপতি তামিম ইকবাল এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যানও সিগনেটরি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এডহক কমিটির মেয়াদ তিন মাস নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যেই নতুন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। তানজিল জানান, এডহক কমিটি হওয়ায় আইসিসির পরামর্শ অনুযায়ী সিইও নিয়োগের বিষয়টিও সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া এই সফর নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে লিগ্যাল কাউন্সিল সংক্রান্ত বিষয়ও পরবর্তী বৈঠকে আলোচনার জন্য রাখা হয়েছে।