tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপ্রকাশ্য দিবালোকে পাবনায় বিএনপি নেতা গুলিতে নিহত

প্রকাশ্য দিবালোকে পাবনায় বিএনপি নেতা গুলিতে নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে গুলিতে নিহত হয়েছেন বিরু মোল্লা (৬৫) নামে এক বিএনপি নেতা। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিরু মোল্লা কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে বিরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা জড়িত। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে।

নিহতের ছেলে রাজিব মোল্লা জানান, দীর্ঘদিন ধরে জহুরুল মোল্লা তাদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি চরের জমি দখল করে মাটি কেটে বিক্রি করেন। সকালে বিষয়টি জানতে পেরে তিনি ও তার বাবা জহুরুল মোল্লার বাড়িতে গিয়ে এ নিয়ে প্রশ্ন করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে জহুরুল মোল্লা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। এতে বিরু মোল্লা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জহুরুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গুলিতে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।