প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে সার্কভুক্ত চারটি দেশ—পাকিস্তান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ কীভাবে এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করছে, কতটা সফল হচ্ছে এবং এতে কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে কি না—এসব বিষয় জানতে চাচ্ছে দেশগুলো।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
শফিকুল আলম বলেন, প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য বিশ্বের ১২৪টি দেশে ব্যালট পাঠানো হয়েছে। পোস্টাল ভোটের আওতায় নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৩৮টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, পোস্টাল ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের হার ৯৪ শতাংশ, আর নারী ভোটার মাত্র ৬ শতাংশ।



