দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বিজিএমইএর নেতারা পোশাক শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং শিল্পের বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কয়েকটি প্রস্তাবও উপস্থাপন করেন।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিল্পের অগ্রগতিতে বাধাস্বরূপ সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বিজিএমইএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা এসব সমস্যার সমাধানে কিছুটা সময় লাগলেও যেসব বিষয় দ্রুত নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাত। এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।
প্রধানমন্ত্রী ব্যবসাবান্ধব নীতি ও বাজেটের কথা উল্লেখ করে বলেন, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য। পোশাক শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপ-প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বিজিএমইএর নেতাদের বলেন, “এ শিল্পের বিকাশে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে। জনগণ এবং ব্যবসায়ীদের সমস্যার সমাধান করতেই এ সরকার দায়িত্ব নিয়েছে।”
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



