চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু মঙ্গলবার (২১ জুলাই) একদিনেই দেশে এসেছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।



