পেনাল্টি থেকে গোল করে সৌদি প্রো লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল তাওউনের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামে আল নাসর।
ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন নতুন যোগ দেওয়া জোয়াও ফেলিক্স। বাঁ দিক থেকে অ্যাঞ্জেলোর নিখুঁত ক্রস পেয়ে বাম পায়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।
এরপর ৫৪তম মিনিটে আল তাওউনের ডিফেন্ডার ওয়ালিদ আল আহমেদের হ্যান্ডবলের ফলে পেনাল্টি পায় আল নাসর। আত্মবিশ্বাসী ভঙ্গিতে স্পট কিক থেকে গোল করেন রোনালদো, যা তার ক্যারিয়ারের ৯৪০তম গোল।
গোলের পর পরই (৫৫তম মিনিটে) স্কোরশিটে নাম তোলেন আরেক নতুন মুখ কিংসলে কোমান। গোলরক্ষক নাওয়াফ আল আকিদির লম্বা কিক থেকে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে হেডে গোল করেন ফরাসি উইঙ্গার।
রোনালদো এবার লিগ মৌসুমের প্রথম ম্যাচেই গোল পেলেন, যদিও মৌসুম শুরুর আগে সৌদি সুপার কাপে আল আহলির বিপক্ষেও গোল করেছিলেন তিনি। যদিও সে ম্যাচে টাইব্রেকারে হেরে গিয়েছিল আল নাসর। কিন্তু ৪০ বছর বয়সেও রোনালদো যেন থামার নাম নিচ্ছেন না—নতুন মৌসুমের শুরুতেই আবারও বুঝিয়ে দিলেন, তিনি এখনো ফর্মের তুঙ্গে।
মৌসুম শুরু হওয়ার আগে সামাজিক মাধ্যমে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন রোনালদো। লিখেছিলেন:
‘আগামীকাল লিগ শুরু হচ্ছে। আমরা অনুশীলন করেছি, প্রস্তুতও আছি। কিন্তু একা পারব না—আমাদের আপনাদের প্রয়োজন।’
তিনি আরও লিখেছিলেন:
‘আমরা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দেব। দলের জন্য, এই ব্যাজের জন্য, আপনাদের জন্য। আপনারা কি আমাদের সঙ্গে থাকবেন? আসুন, এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলি।’



