গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আকাশসীমা বন্ধসহ কড়া পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দেশটি ইসরাইলি বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি, ইসরাইলের জন্য তুর্কি বন্দর ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের সংসদের এক বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে তুরস্কের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা হয়েছে।
বক্তৃতায় ফিদান আরও বলেন, “গত দুই বছর ধরে বিশ্ববাসীর চোখের সামনে গাজায় মানবতাবিরোধী গণহত্যা চালিয়ে যাচ্ছে তেলআবিব। এর বিরুদ্ধে আমরা কড়া অবস্থান নিয়েছি। তুরস্কের কোনো জাহাজ ইসরাইলি বন্দরে যাবে না এবং আমাদের আকাশসীমাও তাদের জন্য বন্ধ।”
এর আগে, ২০২৪ সালের মে মাসে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করেছিল তুরস্ক। তখন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানায় আঙ্কারা। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে ইসরাইল ও তুরস্কের মধ্যে প্রায় ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।



