tanaka

ভারতে নানকের কাছে মাসে যায় কোটি টাকা, নেপথ্যে কারা

পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের কাছে বাংলাদেশ থেকে নিয়মিত হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বরিশাল ও...
প্রচ্ছদআন্তর্জাতিকপুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে বিক্ষোভকারীরা, উত্তপ্ত দিল্লি

পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে বিক্ষোভকারীরা, উত্তপ্ত দিল্লি

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। টানা কয়েকদিন ধরে চলা বিক্ষোভে বুধবারও যন্তর মন্তরে হাজারো আন্দোলনকারী জড়ো হন। পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে সরিয়ে নিচ্ছে, লাঠিচার্জ করছে এবং জলকামান ব্যবহার করছে। অন্যদিকে অনেক আন্দোলনকারী লাঠির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ভাইরাল হওয়া ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা অনড় অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের অনিয়মের দায় সরকার এড়াতে পারে না।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে ও শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা। পরে পুলিশ রাহুল, প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতাকে আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যায়। রাতেই তাদের মুক্তি দেওয়া হয়।

বিরোধী জোটের চার দফা দাবির মধ্যে রয়েছে— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশের ভূমিকার তদন্ত এবং সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও যুক্ত করা হয়।

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন, কংগ্রেস ও বিরোধী দলগুলো ছাত্রদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তিনি বলেন, প্রশ্নফাঁসের সমাধানে সহযোগিতা না করে সংসদে অচলাবস্থা সৃষ্টি করাই বিরোধীদের লক্ষ্য।

অন্যদিকে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পুলিশ তাকে যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করলেও আদালতের নির্দেশে পরে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

দিল্লির আন্দোলনের প্রভাব দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে প্রবাসী ভারতীয়দের উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, শিক্ষার্থী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিট প্রশ্নফাঁস ইস্যু কেন্দ্রীয় সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করেছে। এখন সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনের গতিপ্রকৃতির দিকেই নজর সবার।