নিকটজন হারানোর বেদনা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তাঁর পরিবার—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তাঁর প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশের অতীত হলেও এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা ও উপস্থিতি তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি।
অগণিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় আবেগাপ্লুত হয়ে তারেক রহমান লেখেন, লাখো মানুষের সম্মিলিত উপস্থিতি ও সমর্থন আবারও তাঁকে মনে করিয়ে দিয়েছে—খালেদা জিয়া শুধু তাঁর মা নন, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।
কূটনৈতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান। এই সহমর্মিতা তাঁদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
শোকের এই মুহূর্তে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান বলেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর মনে হচ্ছে—নিকটজন হারানোর শূন্যতা অতিক্রম করে পুরো বাংলাদেশই এখন তাঁর পরিবার হয়ে উঠেছে।
খালেদা জিয়ার আজীবন মানুষের সেবার আদর্শ ও দায়িত্ব গভীরভাবে অনুভব করছেন জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মানুষের ভালোবাসা ও বিশ্বাসই তাঁকে সেই দায়িত্ব পালনে প্রেরণা জোগাবে বলে উল্লেখ করেন তিনি।
শেষে তারেক রহমান বলেন, খালেদা জিয়া যে ভালোবাসা, ত্যাগ ও উদারতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই সবাই শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।



