দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে হেঁটে গুলশান–২ এর ৮৬ নম্বর রোডে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বিকাল পৌনে ৪টায় তারেক রহমান বাসা থেকে রওনা হন এবং বিকাল ৪টা ৪ মিনিটে কার্যালয়ে পৌঁছান।
দলীয় সূত্র জানায়, হঠাৎ করেই পায়ে হেঁটে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন তারেক রহমান। এতে তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠেন।
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে কালো স্যুট পরিহিত অবস্থায় তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।
মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুশোকের মধ্যেও নিয়মিত অফিস করছেন তারেক রহমান। বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার প্রতিদিনই বৈঠক হচ্ছে। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন এবং নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন।
শুক্রবার তার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।
এদিকে রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় এবং নির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সভায় তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।



