পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াট জেলায় নওরঙ পুলিশ স্টেশনের কাছে মঙ্গলবার (১২ মে) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান জানান, আহতদের মধ্যে ২৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সামান্য আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বিস্ফোরণে আশপাশের কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা যায়, নওরঙ বাজার এলাকায় একটি রিকশার পাশে বিস্ফোরণটি ঘটে, যা পরে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। দেশটির পুলিশ জানায়, নওরঙ বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন ট্রাফিক পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নওরঙ হাসপাতালকে জরুরি অবস্থায় রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নাজির খান আরও জানান, এটি একটি পরিকল্পিত বিস্ফোরণ হতে পারে এবং এতে এক টনের বেশি বিস্ফোরক পদার্থ একটি গাড়িতে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।



