অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করে। পরবর্তীতে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে এক হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ১১ হাজার আহত এবং ২০ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন।
তথ্যসূত্র: শাফাক নিউজ



