মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক প্রস্তুতি জোরদার করে ইরানকে কড়া আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করে তিনি বলেছেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা চালানো হবে।
তবে ট্রাম্পের এই আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন হুমকির কাছে মাথা নত না করার ঘোষণা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানি বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি জানান, হুমকি ও জবরদস্তি ছাড়া ন্যায্য ও সমান ভিত্তিতে আলোচনায় বসতে তেহরানের কোনো আপত্তি নেই।
ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা চলছে। এরই মধ্যে বুধবার (২৮ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, একটি বিশাল মার্কিন নৌবহর দ্রুতগতিতে ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং স্বল্প সময়েই মিশন সম্পন্ন করতে সক্ষম।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক পদক্ষেপ হবে আগের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, ইরান সরকার বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি ভেঙে পড়ার মুখে। রুবিও বলেন, যদি বর্তমান শাসনব্যবস্থা বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পতন ঘটে, তাহলে ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে—তা বলা কঠিন।
এর জবাবে আব্বাস আরাঘচি পুনরায় সতর্ক করে বলেন, যেকোনো ধরনের মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর পাল্টা জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি পরমাণু চুক্তিতে ইরান আগ্রহী।
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে আলোচনার প্রস্তাবকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে কড়া ভাষায় জানানো হয়েছে—জোর করে চাপ সৃষ্টি করা হলে তেহরান এমন প্রতিরোধ গড়ে তুলবে, যা আগে কখনো দেখা যায়নি।



