পবিত্র ঈদুল আজহার দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইস্তাম্বুলের চামলিকা মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, নেতানিয়াহু নামে পরিচিত এই স্বৈরশাসক বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে উপযুক্ত জবাব পাবেন বলে তিনি বিশ্বাস করেন।
এদিকে, গত শুক্রবার মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোগান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। এরদোগান এ সময় জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।



