দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় অপু বিশ্বাস এখন কিছুটা পর্দার বাইরে থাকলেও ভক্তদের কাছে তার জনপ্রিয়তা একটুও কমেনি। তাই মাঝে মাঝে ভিন্নধর্মী ফটোশুট ও নতুন লুকে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই চিত্রনায়িকা। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত অপু বিশ্বাসকে। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে তিনি ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।’ কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে ভক্তদের হাজারো প্রতিক্রিয়া আসে; প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে তার সিনেমায় যাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে জায়গা করে নেন।



