ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন না। দীর্ঘদিন ধরে পিসিওএসসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি। চুল পড়া, ত্বকের সমস্যা, ঘুমের ঘাটতি, উদ্বেগ ও বিষণ্নতার পাশাপাশি ওজন নিয়ে সামাজিক চাপ—সব মিলিয়ে এই লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা খোলামেলা তুলে ধরেছেন শবনম ফারিয়া।
‘পিসিওএসের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত’
পোস্টে শবনম ফারিয়া জানান, দীর্ঘদিন ধরে পিসিওএসের সঙ্গে লড়াই করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। অ্যান্ড্রোজেনজনিত চুল পড়া, ত্বকের বিভিন্ন সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা সামলাতে সামলাতে জীবনের প্রতি আগ্রহও কমে গেছে বলে জানান তিনি।
ঘুমের সমস্যার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, শেষ কবে রাতে ঠিকমতো ঘুমিয়েছেন কিংবা টানা সাত-আট ঘণ্টা ঘুমিয়ে সকালে উঠেছেন, সেটি তার মনে পড়ে না।
শরীরে কর্টিসলের মাত্রা কমবে কি না, তা নিয়েও হতাশার কথা জানিয়েছেন তিনি। না খেয়ে থাকা, কঠোর ব্যায়াম ও ওজন তোলার মতো নানা চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না বলে জানান শবনম ফারিয়া।
এমনকি না খেয়ে থাকার কারণে কয়েকবার রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ওজন নিয়ে সামাজিক চাপ
শারীরিক সমস্যার পাশাপাশি সামাজিক পরিস্থিতিও তাকে মানসিকভাবে চাপে ফেলছে বলে জানান শবনম ফারিয়া। এ কারণে সামাজিক অনুষ্ঠান বা দাওয়াতে যেতেও তার ইচ্ছা করে না।
অভিনেত্রীর ভাষ্য, কোনো অনুষ্ঠানে গেলে অনেক সময় তার ওজন নিয়ে নানা মন্তব্য শুনতে হয়। ‘এত মোটা হয়েছ কেন’, ‘জিমে যাও না’, ‘খাদ্যাভ্যাস পরিবর্তন করো’—এ ধরনের মন্তব্য তাকে শুনতে হয় বলে জানান তিনি।
এ কারণে ধীরে ধীরে সামাজিক জীবন থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শবনম ফারিয়া।
অভিনয়েও প্রভাব ফেলছে শরীর নিয়ে দুশ্চিন্তা
শরীর নিয়ে অনিশ্চয়তার প্রভাব তার অভিনয়জীবনেও পড়ছে বলে জানান এই অভিনেত্রী। কোনো চিত্রনাট্য হাতে পাওয়ার পর চরিত্রটি কীভাবে করবেন, তার আগেই নিজের ওজন এবং পর্দায় তাকে কেমন দেখাবে—এসব চিন্তা মাথায় ঘুরতে থাকে বলে জানান তিনি।
শবনম ফারিয়া বলেন, ১৬ বছর বয়স থেকেই এই লড়াই চলছে। তবে দীর্ঘ সময় ধরে চলা এই সংগ্রামে এখন তিনি ক্লান্ত। ‘কীসের জন্য এই যুদ্ধ’—সেটিও এখন আর বুঝতে পারছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।
নিজের চেহারা নিয়েও হারিয়েছেন আত্মবিশ্বাস
শরীর ও চেহারা নিয়ে আত্মবিশ্বাস হারানোর কথাও জানিয়েছেন শবনম ফারিয়া। নতুন শাড়ি পরার পর শেষ কবে নিজেকে ভালো লেগেছে, সেটিও মনে করতে পারছেন না বলে জানান তিনি।
পেট ও থুতনির চর্বি নিয়ে দুশ্চিন্তার কারণে সাজগোজের প্রতিও আগ্রহ কমে গেছে তার। চুল নিয়েও রয়েছে আক্ষেপ। চুল কাটার কথা ভাবলেও মাথায় চুলের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি তাকে ভাবিয়ে তোলে বলে জানান এই অভিনেত্রী।
দীর্ঘদিনের শারীরিক জটিলতা, ঘুমের সমস্যা, মানসিক চাপ এবং শরীর নিয়ে সামাজিক মন্তব্য—সব মিলিয়ে কঠিন সময় পার করার কথাই নিজের পোস্টে তুলে ধরেছেন শবনম ফারিয়া।



