tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকগুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে নিয়ে হঠাৎ রসিকতা করে বসেন তিনি। একপর্যায়ে পিচাইকে ‘দানব’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। তবে একই সঙ্গে তার সফল ও ঝামেলাহীন জীবনেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এমন মন্তব্যে উপস্থিত অনেকেই চমকে গেলেও পরিস্থিতি দ্রুতই হাস্যরসে পরিণত হয়। ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের মন্তব্যের জবাবে সুন্দর পিচাইও মুচকি হেসে বুদ্ধিদীপ্ত পাল্টা মন্তব্য করেন।

‘এই লোকটা একটা দানব’

ঘটনাটি ঘটে যখন ট্রাম্প সুন্দর পিচাইকে কিছু বলার জন্য আহ্বান জানান। পিচাই কথা বলা শুরু করার আগেই ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘এই লোকটা একটা দানব। অথচ কেউ তাকে সেভাবে চেনেই না। কী দারুণ একটা জীবন!’

এরপর ট্রাম্প আরও বলেন, ‘দানব হয়েও তাকে কোনো ঝামেলা পোহাতে হয় না। আপনার শুধু এটুকুই জানা দরকার—সুন্দর! সুন্দর হলো তার নাম।’

ট্রাম্পের এই রসিকতার জবাবে সুন্দর পিচাই হাসতে হাসতে বলেন, ‘আশা করি এটি আমার সম্পর্কে বলা অন্য যেকোনো কথার চেয়ে বেশ ভালো একটা ট্যাগলাইন হবে।’

পিচাইয়ের এই মন্তব্যের পর অনুষ্ঠানে হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

এআই নিয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চুক্তি

তবে অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার। এতে গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, মেটার মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক এবং এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তাসহ প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে ‘দ্য হোয়াইট হাউস অ্যাকর্ড অন সুপার ইন্টেলিজেন্স’ নামে একটি চুক্তিতে সই করা হয়। এর লক্ষ্য হলো উন্নত এআই প্রযুক্তিকে এমনভাবে বিকশিত করা, যাতে তা মানুষের উপকারে আসে এবং সম্ভাব্য ঝুঁকি কমানো যায়।

চুক্তির আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই মডেল তৈরির ক্ষেত্রে কঠোর নিয়ম, নিরাপত্তা ব্যবস্থা ও যাচাই-বাছাই অনুসরণের বিষয়ে সম্মত হয়েছে।

এআইতে বিপুল বিনিয়োগের কথা জানাল গুগল

অনুষ্ঠানে সুন্দর পিচাই জানান, গত দুই বছরে গুগল তাদের এআই প্রযুক্তির উন্নয়নে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ভবিষ্যতেও এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানান তিনি।

পিচাই বলেন, মানুষের জীবনকে আরও সহজ করা এবং প্রযুক্তির ওপর সাধারণ মানুষের আস্থা বজায় রাখাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।