আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নোরগাল জেলা। প্রদেশটিতে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৫০০ জন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকার ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়তা পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে, ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর ৫.২ মাত্রার দুটি আফটারশকও অনুভূত হয়েছে।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “দুঃখজনকভাবে ভূমিকম্পে কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।” তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
আহতদের নানগারহারের আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুজাহিদ জানিয়েছেন, জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে এবং স্থানীয় প্রশাসন, বাসিন্দা ও সহায়ক দলগুলো উদ্ধারকাজে অংশ নিচ্ছে।



