tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়নূর জাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার

নূর জাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদে কর্মরত আনিসুর রহমানকে প্রত্যাহার করে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত্যুর পর বেশ কয়েকদিন মরদেহটি ঘরের ভেতরে পড়ে থাকায় এতে পচন ধরেছিল। স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে ফ্ল্যাটের অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশেষ করে একজন বৃদ্ধা নারী এমন পরিস্থিতিতে জীবনযাপন ও মৃত্যুবরণ করেছেন—এ বিষয়টি নিয়ে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার প্রশ্ন উঠেছে।

নূর জাহান বেগমের পরিবার সম্পর্কে জানা যায়, তার এক ছেলে সরকারের একজন যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। সন্তানরা পেশাগতভাবে প্রতিষ্ঠিত হলেও মায়ের মৃত্যুকে ঘিরে উঠে আসা তথ্য সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ ঘটনার পর ২০১৩ সালের ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ নতুন করে আলোচনায় এসেছে। আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানের ওপর পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসাসেবা, নিয়মিত খোঁজখবর ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব বর্তায়। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এসব দায়িত্ব পালনের কথাও আইনে উল্লেখ রয়েছে।

নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনা শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, বরং বয়স্ক অভিভাবকদের প্রতি সন্তানের দায়িত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।