ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের ধারণা—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুস্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি নানা ধরনের অরাজকতায় লিপ্ত হয়েছে।
তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলিবিদ্ধ করে গুরুতর আহত করা এবং আরও কয়েকজন নেতাকর্মীকে আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ।
মির্জা ফখরুল বলেন, এসব দুস্কৃতকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে তিনি সতর্ক করেন।
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জানমাল রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই ভয়শূন্য পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতির শেষাংশে বিএনপি মহাসচিব হাসান মোল্লাসহ আহত অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।



