নির্বাচন যত দ্রুত অনুষ্ঠিত হবে, দেশের চলমান সংকট তত দ্রুত কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দেশে গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপরই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “আগামী দিনগুলোতে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে। রাজনৈতিক ভুলের কারণে যেন আবার ফ্যাসিস্ট শাসনের কবলে না পড়ি। দেশে আমরা আর কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না।”
তিনি বলেন, “দানবীয় দুঃশাসনের পর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ আন্দোলনে অনেকেই নির্যাতিত হয়েছেন, কেউ কেউ মিথ্যা মামলায় কারাবন্দি হয়েছেন। এখন আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি, নেতাকর্মীরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছেন। এই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



