বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়।
শিক্ষক নেতারা জানান, দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চলবে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন।
এর আগে, গত সোমবার থেকে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এবং দাবি আদায়ে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। ফলে অনেক স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও বাস্তবতাবিবর্জিত’। একইসঙ্গে তারা সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবিও জানিয়ে আসছেন।
গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি এবং শব্দ বোমা নিক্ষেপের ঘটনা ঘটে, যা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
রোববার ও সোমবার রাতভর খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান করেন শিক্ষকরা। কেউ চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরে যাবেন না।
অন্যদিকে, সারাদেশে শিক্ষকরা কর্মবিরতির অংশ হিসেবে প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদানে অংশ নিচ্ছেন না। বিদ্যালয় চত্বরে, শিক্ষক কক্ষে বা অফিসে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এছাড়া, জেলার বিভিন্ন স্থানে শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে অংশ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ঢাকায় অবস্থানরত শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করছেন।



