ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার চিত্র উদ্বেগজনক আকার ধারণ করেছে। নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এসব ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম জানান, সহিংসতার ঘটনায় মুন্সীগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহে একটি শিশু নিহত হয়েছে। এছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এইচআরএসএস আরও জানায়, নির্বাচনী প্রচারণার সময় অন্তত ৩২টি ঘটনায় ৪৫ জন নারী হেনস্তার শিকার হন এবং ২৩ জন নারী আহত হন। সংস্থাটির তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ২৫৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচজন নিহত এবং এক হাজার ৬৫০ জন আহত হয়েছেন।
নির্বাচনের দিন সারা দেশে ৩৯৩টি অনিয়মের ঘটনা নথিবদ্ধ করেছে সংস্থাটি। এর মধ্যে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট প্রদান এবং পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ছিল প্রধান। এছাড়া নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ৩৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা ও অনিয়ম প্রতিরোধে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।



