বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচটি জমেনি প্রত্যাশিত রোমাঞ্চে। একপেশে পারফরম্যান্সে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আরেকটি জয় তুলে নিয়েছে ভারত। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। শুরুর চার ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হন। ওপেনার শাহিবজাদা ফারহান শূন্য রানে ফেরেন, সাইম আইয়ুব করেন ৬ রান। অধিনায়ক সালমান আলী আগা ৪ ও বাবর আজম করেন ৫ রান।
ভারতের পক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া—প্রত্যেকে নেন দুটি করে উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়েই বড় জয় নিশ্চিত করে ভারত।



