আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে পাঁচ ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসব যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে নির্বাচনের দিন ভোটাররা ভোট দিতে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে মেট্রোরেল চলাচল করবে স্বাভাবিক নিয়মে।
ইসি আরও জানায়, মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—যেমন ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবাসংশ্লিষ্ট কাজ এবং সংবাদপত্র পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
এছাড়া টিকিট বা উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে আত্মীয়স্বজনকে আনা–নেওয়ার জন্য বিমানবন্দরে যাতায়াতের কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের অনুমতি থাকবে।
ইসি জানায়, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন কিংবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও যান চলাচলে বাধা থাকবে না। গণপরিবহণের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।



