tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমি বলব না যে দু-চারটি অস্ত্র ঢুকছে না। অস্ত্র ঢুকছে এবং সেগুলো ধরা পড়ছেও। প্রতিদিন এক-দুটি করে উদ্ধার হচ্ছে।”

সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে।

মেঘালয় পুলিশের পক্ষ থেকে হাদি হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেপ্তারের দাবি অস্বীকার করা হলেও ডিএমপির পক্ষ থেকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ডিবি এ বিষয়ে রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে। সেটা পড়লে বিস্তারিত জানা যাবে।”

সম্প্রতি কেরানীগঞ্জে একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

বোমা হামলাগুলো সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তি সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে।” তিনি আরও বলেন, “বর্তমানে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।”

এর আগে সকালে বিজিবি দিবস উপলক্ষে পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির কৃতিত্বপূর্ণ সদস্যদের হাতে পদক তুলে দেন। এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস)—মোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

পদক প্রদান শেষে তিনি বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।